সালথায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: 11:21 AM, April 17, 2022
সালথায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরের সালথায় আরমান মাতুব্বর (৩২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার ভোর রাতে নিজ বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। আরমান উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মৃত খোরশেদ মাতুব্বরের ছেলে। তিনি স্থানীয় ঠেনঠেনিয়া বাজারের ইজারাদার।

হাসপাতালে চিকিৎসাধীন আরমান মাতুব্বর বলেন- ঠেনঠেনিয়া বাজারের ইজারা নিয়ে চাচাতো ভাইদের সাথে আমার ঝামেলা চলছিল।

ঝামেলার মধ্যে রবিবার ভোর রাত ৪ টার দিকে বাড়ি থেকে ঠেনঠেনিয়া বাজারের যাওয়ার সময় চাচাতো ভাই হাচান মাতুব্বরের নেতৃত্বে রুমন মাতুব্বর, হায়দার মাতুব্বর, ও পান্নু মাতুব্বর আমার উপর হামলা চালায়।

হামলায় আমার একটি হাত ভেঙ্গে যায়। হামলার বিষয় থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে হাচান মাতুব্বর বলেন- আরমানের উপর কে বা কারা হামলা চালিয়ে তা আমরা জানি না। হামলার ঘটনায় আমরা কেউ জড়িত নয়।

আরমান আমার চাচাতো ভাই। তার সাথে পারিবারিক ঝামেলা চলছে। এর জন্য তার উপর হামলা চালাতে হবে এমনটি ঠিক নয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. শেখ সাদীক বলেন- আরমানের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

বিষয়টি নিয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।