সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা

Reporter
মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: 1:56 PM, April 28, 2026
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশেষ প্রতিনিধিঃ মুজাহিদ খাঁন কাওছার

বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী বাহিনী নিয়ে এক সংবাদ কর্মীর উপর হামলা সহ তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

নিজ কার্যালয় ছেড়ে এভাবে সন্ত্রাসী বাহীনি দিয়ে সংবাদ কর্মীকে অপহরন চেষ্টার ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীসহ সাধারন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে দূর্নীতিবাজ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সাভারের সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নের্তৃবৃন্দ।

ভুক্তভোগী সংবাদ কর্মী বেসকারী টেলিভিশন দেশ টিভি’র প্রতিনিধি দেওয়ান ইমন। সে সাভার সাব রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে দেশ টিভিতে সংবাদ প্রচার করার কারনে তাকে অপহরনের চেষ্টা করা হয়েছে।

উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনসহ বেশ কয়েকজন সংবাদ কর্মী দলিল লেখক সমিতির নির্বাচনের নির্বাচনী প্রচারনার নিউজ করতে যান। এসময় সেখানে সাব রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের পক্ষে কাজ করছিলো অনুমোদনহীন পোর্টালের বহিরাগত কয়েকজন লোক। বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীদের নজরে আসলে তারা বহিরাগত লোকজনের পরিচয় জানতে চান। এসময় স্থানীয়রা তাদেরকে আটক করে পরিচয় জানতে চাইলে সাব রেজিস্ট্রার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সংবাদ কর্মীদের উপর হামলা করে এবং দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনকে অপহরনের চেষ্টা চালায়।

ভুক্তভোগী সংবাদ কর্মী দেওয়ান ইমন জানান, সাব রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের দুর্নীতির তথ্য অনুসন্ধান করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের ঘটনায় তিনি ক্ষুদ্ধ হয়ে আমার অফিসে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে লিখিত অভিযোগ করেছেন। সেখানে কিছু না করতে পেরে আমাকে হুমকি দিয়ে আসছিলেন যার প্রেক্ষিতে পরিকল্পিতভাবে আজকে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার উপর হামলা চালায় এবং অপহরনের চেষ্টা করে। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক তার কঠিন শাস্তি এবং অপসারন দাবি করছি।

প্রত্যক্ষদর্শী সংবাদ কর্মীরা জানায়, সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে ভাড়া করে আনা প্রায় ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী আজ সংবাদ কর্মীদের উপর হামলায় অংশ নেয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনের গতিরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভাড়াটে সন্ত্রাসীরা। এঘটনায় গুরুতর আহত অবস্থায় দেওয়ান ইমনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দুর্নীতির সংবাদ প্রচার করায় দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও অপহরন চেষ্টার ঘটনায় স্থানীয় সংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দোষীদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।

অন্যদিকে সংবাদ কর্মীকে মারধর ও অপহরন চেষ্টার ঘটনাটি জানতে পেরে সংবাদ কর্মীদের ডেকে কথা বলেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। একজন সরকারী কর্মকর্তা কর্তৃক সন্ত্রাসী বাহিনী নিয়ে সংবাদ কর্মীদের উপর হামলা এবং অপহরন চেষ্টার ঘটনাটি দুঃখজন উল্লেখ করে সাব রেজিস্ট্ররের সাথে বিষয়টি নিয়ে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন।

তবে সন্ত্রাসী হামলা এবং সংবাদ কর্মীকে তুলে নেয়ার বিষয়ে অভিযুক্ত সাব রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের কাছে জানতে সাংবাদিক মুজাহিদ খাঁন কাওছার একাধিকবার তার মুঠোফোনে কল করেছেন তবে তিনি ফোন রিসিভ করেননি।