ঈদ করা হলো না আবিরের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 3:10 PM, April 21, 2022
ঈদ করা হলো না আবিরের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসার পথে ট্রাকের ধাক্কায় ওয়াহিদুজ্জামান আবির (২০) নামের এক কলেছাত্র নিহত হয়েছেন। এ সময় তার ফুফাত ভাই মামুনও (২০) আহত হন।

গত বুধবার (২০ এপ্রিল) ভোরে ঢাকার সাভার উপজেলার সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবির পাবনার চাটমোহর উপজেলার দোলং গ্রামের সার্জেন্ট (অব.) ইব্রাহিম খলিলের ছেলে।

তিনি ঢাকার তেজগাঁও কলেজের হোটেল অ্যান্ড ট্যুরিজম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।বুধবার সন্ধ্যায় চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবিরের বাবা ইব্রাহিম খলিল জানান,সেহরির পর নামাজ পড়ে ফুফাতো ভাই মামুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আবির।

পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আবির মারা যান। বুধবার দুপুরে আবিরের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। আবিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।