চাটমোহরে কাঁচাবাজারে ক্রেতাদের অস্বস্তি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 2:53 PM, April 4, 2022
চাটমোহরে কাঁচাবাজারে ক্রেতাদের অস্বস্তি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

তেল,চাল,চিনিসহ কয়েকটি নিত্যপণ্যের দাম নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগছে মানুষ। এরই মধ্যে রমজান মাস এসে যাওয়ায় বদলে গেছে কাঁচাবাজারের চিত্র। বেগুন,সজনে ডাটা,কাঁচা মরিচ,আর লেবুসহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে লাফিয়ে। মাছ,মাংসের দামও চড়া। বাজারে দামের চড়া তাপে অস্বস্তিতে মানুষ।

পাবনার চাটমোহরে কাঁচাবাজারে ক্রেতাদের মধ্যে চরম অস্বস্তি। সোমবার (৪ এপ্রিল) বাজার ঘুরে দেখা গেল,এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়,রোজার আগের দিন যা বিক্রি হয়েছে ২০ টাকায়। এক কেজি লেবুর দাম এখন ১০০ টাকা,রোজার একদিন আগে ছিল ৫০ টাকা। এক কেজি সজনে ডাটা ১২০ টাকা,শসা ৬০ টাকা,ঢেড়শ ৬০ টাকা,কাঁচা মরিচ ৮০ টাকা,পেঁপে ৩০ টাকা,কাঁচার হালি ৩০ টাকা,লাল শাকের কেজি ৬০ টাকা। এক সপ্তাহে এসকল পণ্যের দাম বেড়েছে।

এদিকে প্রতি কেজি গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকা,খাসি ৯০০ টাকা,ব্রয়লার ১৯০ টাকা,সোনালী ২৬০ টাকা,দেশী মুরগী ৪৫০ টাকা,প্যারেল ৩২০ টাকা কেজি। ২ কেজি ওজনের একটি রুই মাস ২৫০ টাকা কেজি,সিলভার কাপ ১৮০ টাকা,বোয়াল ৬০০ টাকা কেজি,শোল মাছ ৫০০ টাকা আর টাকি মাছ ৩০০ টাকা কেজি। ছোট মাছের কেজি ৪০০ টাকা। সাবান,লবনসহ মনোহারী জিনিসের দামও বেড়েছে।

চাটমোহরে ভ্যান চালক আলামিন বললেন,বাজারে সব জিনির দাম বাড়িছে। কি কইরে কেনবো। তরকারি না খায়া শুধু পানি দিয়্যা ভাত খায়া রোজা থাকা লাগবি।

বাজারে আসা ক্রেতা সিরাজুল ইসলাম বললেন,বাজারে কোন কিছুতেই স্বস্তি নেই। অল্প আয়ে কি করে চলবো। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। কেউ দেখছেনা।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বলেছেন,নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে। কোন জিনিসের দাম ইচ্ছেমতো বাড়ালে বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।