কাপাসিয়ায় কয়লা বোঝাই ট্রাক উল্টে চালক-সহকারী হতাহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: 3:13 PM, May 15, 2022
কাপাসিয়ায় কয়লা বোঝাই ট্রাক উল্টে চালক-সহকারী হতাহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কাপাসিয়ার গ্রামে ব্রীক ফিল্ডের কয়লা ভর্তি ট্রাক উল্টে ট্রাক চাপা পড়ে চালক আহত ও ঘটনাস্থলেই তার সহকারী নিহতের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যেয় ব্রীক ফিল্ডের বিকল্প পিচ্ছিল পথে কয়লা ভর্তি ট্রাক নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যের দিকে কয়লা ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২০৪৬৫২) কাপাসিয়ার সনমানিয়া গাবতলী এলাকার জয়নাল মেম্বারের ব্রীক ফিল্ডে কয়লা পরিবহন কাজে নিয়োজিত ছিলো।

কয়লা বোঝাই ট্রাকটি ব্রীক ফিল্ডের বৃষ্টি ভেজা পিচ্ছিল বিকল্প পথ দিয়ে পাকা রাস্তা থেকে নামার সময় উল্টে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে চালকের সহকারী কবির (৪৫) ট্রাকটির নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত কবির একই এলাকার চর সনমানিয়া গ্রামের পল্লী চিকিৎসক হেলাল উদ্দীনের পুত্র। ট্রাকটির চালক আক্তার (৩৮) আহত অবস্থায় পলাতক রয়েছেন।আজ রোববার সকালে নিজ বাড়ীতে নিহত কবিরের দাফন কাফন সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি এ এস এম নাসির জানান, বিষয়টি তিনি অবগত আছেন।থানায় জিডি হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কারো কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে পরবর্তীতে সে অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে।