ইমরান খানের ৬ সহযোগীর উপর দেশ ছাড়তে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 9:57 AM, April 11, 2022
ইমরান খানের ৬ সহযোগীর উপর দেশ ছাড়তে নিষেধাজ্ঞা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গুরুত্বপূর্ণ ছয় সহযোগীর নাম ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে অনুমতি ছাড়া তারা দেশ ছাড়তে পারবেন না।

রোববার তাদের নাম ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত করে। খবর জিও নিউজের।

সূত্র জানায়, ওই ছয়জন হলেন— ইমরান খানের মুখ্য সচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ বিষয়ে প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহযোগী শাহবাজ গিল, স্বরাষ্ট্র ও জবাবদিহিতা বিষয়ে সাবেক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল গোহার নাফিস ও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি পাঞ্জাব জোনের ডিজি মুহাম্মদ রিজওয়ান। এ ছাড়া পিটিআই-এর সামাজিক যোগাযোগমাধ্যম প্রধান ড. আরসালান খালিদকেও তালিকায় যুক্ত করা হয়েছে।

ন্যাশনাল অ্যাসেম্বিলিতে (এনএ) অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানো দেশটির প্রথম কোনো প্রধানমন্ত্রী তিনি। ক্ষমতা হারানোর পর তার সহযোগীদের ওপর এ বিধিনিষেধ এলো।

আসাদ কায়সার স্পিকার পদ থেকে পদত্যাগ করার পর আয়াজ সাদিকের সভাপতিত্বে পার্লামেন্টে অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনাস্থা প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হওয়ার পর আয়াজ সাদিক ঘোষণা করেন, ‘ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৭৪ জন সংসদ সদস্য নিজেদের ভোট দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাবটি পাস হয়েছে।’