‘গাধার গায়ে ডোরা কাটা দাগ এঁকে দিলেই গাধা জেব্রা হয়ে যাবে না’: ইমরান খান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 11:06 AM, May 8, 2022
‘গাধার গায়ে ডোরা কাটা দাগ এঁকে দিলেই গাধা জেব্রা হয়ে যাবে না’: ইমরান খান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারপারসন ইমরান খানের পডকাস্টে করা একটি মন্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে ইমরান খানকে বলতে শোনা যায়, ‘গাধা গাধাই থেকে যায়।’ শনিবার (৭ মে) জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

একদিন আগে পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান রাজনৈতিক বিষয়ের পাশাপাশি যুক্তরাজ্যে থাকাকালীন স্মৃতি তুলে ধরেন।

সেখানে তিনি বলেন, ‘যুক্তরাজ্যে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল কিন্তু কখনোই এটিকে আমার দেশ মনে হয়নি। আমি প্রথমেই পাকিস্তানি একজন।’

পডকাস্টে ইমরান খান আরও বলেন, ‘গাধার গায়ে ডোরা কাটা দাগ এঁকে দিলেই গাধা জেব্রা হয়ে যাবে না। গাধা গাধাই থেকে যাবে।’ পডকাস্টটি শেষ হওয়ার পরেই ইমরানের মন্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই ভিডিও ক্লিপটি ৩ লাখ ৬৩ হাজার বার দেখা হয়েছে। ইমরান খানের এই বক্তব্য নিয়ে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন।

একজন নেটিজেন লিখেছেন, ‘শেহবাজ শরিফ আমাদের ভিক্ষুক বলেন আর ইমরান খান ডাকেন গাধা বলে। মাশা আল্লাহ এমন উদ্বুদ্ধকারী নেতাদের পেয়ে আমরা পাকিস্তানিরা ধন্য।’