বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

Reporter
হাবিল উদ্দিন রাজশাহী প্রতিনিধি | রাজশাহী, বাঘা
প্রকাশিত: 4:29 PM, October 16, 2026
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার আলাইপুর গোকুলপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় পরিচালিত এ অভিযানে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে থানা পুলিশ সহযোগিতা করে।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গৌরাঙ্গপুর এলাকার আব্দুল রহমানের ছেলে মিন্টু রহমান এবং গোকুলপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে আবু হুরায়রা ওরফে সুমন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন কিংবা এ কাজে সহায়তা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে নদীর বাঁধ, আশপাশের পরিবেশ ও জনবসতি ঝুঁকির মুখে পড়তে পারে।
বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন, বিভিন্ন অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় সংশ্লিষ্ট দুজনকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে বালু উত্তোলন ও এ কাজে সহায়তা করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নদীর বাঁধ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।