আমার নামে চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 8:09 AM, May 20, 2022
আমার নামে চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আমার নামে যে বা যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । শুক্রবার (২০ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় সতর্ক করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার নামে চাঁদাবাজি করবে কেন। আইনের চোখে সবাই সমান। যে অপরাধ করবে তাকেই শাস্তি পেতে হবে। যে আমার নামে চাঁদাবাজি করতে গিয়েছিল তাকে ধরা হয়েছে, তার কাছে একটি অস্ত্র পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আমার নামে চাঁদাদাবির বিষয়টি শোনার পরই ব্যবস্থা নেয় র‌্যাব। যারা এ ধরনের চাঁদাবাজি করবে, সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে কিছু লোক চাঁদাবাজি করে আসছে- এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১৮ মে) রাত ৩টায় রাজধানীর সবুজবাগে অভিযান চালায় র‌্যাব। এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা। এরপর সাঈদীকে নিয়ে অভিযানে নামে র‌্যাব।

অভিযান শেষে সাঈদীকে নিয়ে র‌্যাব সদস্যরা রাস্তায় বের হলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহাম্মেদের নেতৃত্বে ১৫০-২০০ জন সাঈদীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তারা র‌্যাবের ওপর সশস্ত্র হামলা চালায়। এরপর গ্রেফতার করা হয় জোবায়েরকে।

গ্রেফতারদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে। মাদক ও অস্ত্র আইনে সাঈদীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। আর সরকারি কাজে বাধা দেওয়ায় জোবায়ের বিরুদ্ধে মামলা হয়েছে একটি। সবকটি মামলা করেছে র‌্যাব।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন সাঈদী। এছাড়া তিনি তার সহযোগীদের নিয়ে অস্ত্রসহ মহড়া দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টি করে আসছিলেন বলেও স্বীকার করেন।