আশুগঞ্জে প্লাস্টিকের বস্তা ব্যবহারে ৪টি রাইসমিলকে জরিমানা

সরাইল প্রতিনিধি
প্রকাশিত: 9:47 AM, April 1, 2022
আশুগঞ্জে প্লাস্টিকের বস্তা ব্যবহারে ৪টি রাইসমিলকে জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৪টি রাইসমিলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন রাইসমিলে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক। এসময় আশুগঞ্জ থানা পুলিশ, পাট পরিদর্শক ও পাট অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক বলেন, পরিবেশ সুরক্ষায় পাটের ব্যাগের বিকল্প নাই। তাই সরকার পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে। কিন্তু আশুগঞ্জের বিভিন্ন মিলে অভিযান চালিয়ে দেখা যায় তারা পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে।

ফলে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এর ৪ ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৪ ধারা অনুযায়ী একতা এগ্রো ফুড, খান এগ্রো ফুড, এস আলম এগ্রো ফুড ও নূরজাহান এগ্রো ফুড এই ৪ টি অটো রাইসমিলকে পৃথক মামলায় মোট দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।