মিরপুরের যেসব সড়কে যান চলাচলে ডাইভার্শন থাকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 6:40 AM, March 29, 2022
মিরপুরের যেসব সড়কে যান চলাচলে ডাইভার্শন থাকবে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‘ক্রিকেট সিলেব্রেটস মুজিব-১০০’ অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। তাই এ দিন মিরপুরের কয়েকটি এলাকা এড়িয়ে বিকল্প পথে চলার অনুরোধ করেছে পুলিশ। অনুষ্ঠান উপলক্ষে নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য ডিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

যেসব সড়কে যান চলাচলে ডাইভার্শন থাকবে-

১। মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত।

২। টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত।

৩। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের ফিডার রোডসমূহ।

উল্লেখ্য, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে শুরু হবে এই বিশেষ কনসার্ট। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।

অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশপাশ এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ হবে। যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সহযোগিতা চেয়েছে ডিএমপি।

এই কনসার্টে পারফর্ম করতে সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন অস্কারজয়ী ভারতের সংগীতশিল্পী এ আর রহমান। প্রায় ১৫ হাজার দর্শক গ্যালারিতে বসে কনসার্টটি উপভোগ করতে পারবেন।