পদ্মায় জেলের জালে ২৬ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে

Reporter
এ কে আজাদ  রাজবাড়ী
প্রকাশিত: 4:57 PM, May 31, 2022
পদ্মায় জেলের জালে ২৬ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশের অন্যতম নৌরুট রাজবাড়ী দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে অসেল হালদারের জালে  ২৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি প্রতি কেজি ১ হাজার ২শত টাকা দরে বিক্রি করা হয়।

মঙ্গলবার (৩১ মে) ভোরে পদ্মা নদীর ৭নং ফেরি ঘাটের অদূরে জেলের জালে মাছটি ধরা পড়ে।

এর আগে  প্রতিদিনের মতো পদ্মা নদীতে জেলে অসেল ও তার সহযোগীরা মাছ ধরতে যান। ভোরে জাল তুলতেই দেখতে পান বিশাল আকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে।

পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৬নং ফেরিঘাটে আনেন। উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা এক হাজার ২শ’ টাকা কেজি দরে ৩১ হাজার ২শ’ টাকা দিয়ে মাছটি কিনে নেন। মাছটি আরও বেশি দামে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় চান্দু মোবাইল ফোনে যোগাযোগ করছেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘সকালে আমি খবর পাই যে পদ্মায় একটি বড় সাইজের বাগাড় মাছ ধরা পড়েছে। অসেল হালদারের জালে মাছটি ধরা পড়ার পরে দ্রুত গিয়ে মাছটি কিনে নিই। এখন মাছটি প্রতি কেজি এক হাজার ৩শ’ টাকায় বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি।

তিনি আরও জানান,  বর্তমান পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে খুব বেশি মাছ ধরা পড়ছে না।