নগরজীবনে সুখবর, নতুন ৩ রুটে চলবে আরও ২২৫ বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 1:32 PM, March 22, 2022
নগরজীবনে সুখবর, নতুন ৩ রুটে চলবে আরও ২২৫ বাস
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানীতে চলাচল নির্বিঘ্ন করতে নতুন তিনটি রুটে আরও ২২৫টি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এ বিষয়ে প্রস্তুতিমূলক সব কাজ আগামী ৯০ দিনের মধ্যে শেষ করা হবে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে কমিটির ২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৭৫টি বাস—সব মিলিয়ে নতুন করে ২২৫টি বাস নামানো হবে।

উল্লিখিত ২২ নম্বর রুটের আওতায় রয়েছে ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে সুলতানা কামাল সেতু পর্যন্ত; ২৩ নম্বর রুটের আওতায় থাকছে বছিলা থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে কাঁচপুর পর্যন্ত আর ২৬ নম্বর রুট ধরা হয়েছে ঘাটারচর থেকে পলাশী মোড়, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

মেয়র তাপস জানান, আগামী একমাসের মধ্যে আরও ২০টি বাস এ রুটে নামানো হবে। এছাড়া একই সময়ে আরও ৫০টি বাস নামানোর জন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানকে প্রস্তাব দেওয়া হয়েছে।

সভা শেষে উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, নতুন তিনটি রুটে বাস নামানোর অংশ হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে বাসগুলো চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি প্রকাশ, যাত্রীছাউনি নির্মাণসহ আনুষাঙ্গিক কাজ শেষ করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন। এসব কাজ শেষ হলে দিন-তারিখ ঠিক করে তিন রুটে নতুন ২৫০টি বাস নামানো হবে।