ই-কমার্স কান্ড: এবার আকাশনীলের এমডি-পরিচালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 10:47 AM, March 22, 2022
ই-কমার্স কান্ড: এবার আকাশনীলের এমডি-পরিচালক রিমান্ডে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

৩১ গ্রাহকের ছয় কোটি ৪ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা প্রতারণা করে আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আকাশনীল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমান এবং ডিরেক্টর ইফতেখার উজ-জামান রনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ‘র আদালত এই আদেশ দেন।

এদিব মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক জাকিরুল ফিরোজ দুই আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন।

ইফতেখার উজ-জামান রনির পক্ষে এ.কে.এম হাবিবুর রহমান (চুন্নু) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষে লুৎফুর রহমান আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী গ্রাহক রুহুল আমিন রোহান (২২) গত ১৭ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় আকাশনীল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমানসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলা দায়েরের পর ২০ মার্চ রাতে ফরিদপুর থেকে মশিউর রহমানকে এবং প্রতিষ্ঠানটির পরিচালক ইফতেখার উজ-জামান রনিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, ২টি ল্যাপটপ এবং ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।