ধামরাইয়ে নিজ ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

Reporter
মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: 6:54 PM, June 2, 2025
ধামরাইয়ে নিজ ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢাকার ধামরাইয়ে নিজ ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ একই পরিবারের রহস্যজনকভাবে তিন জনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে নিহতের নিজ ঘর থেকে  নিথর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস (৪০) এবং তার ছেলে শামীম (১৬) ও  সোলেমান (৮)।

পুলিশ জানায়, দুপুরে গাঙ্গুটিয়া গ্রামের রক্ষিত গ্রামে নিজ ঘরে মা ও তার দুই সন্তানের মরদেহ দেখতে পায় নিহতের মেয়ে। পরে ধামরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকাল থেকেই নিহতের মেয়ে তার মা নার্গিসকে ফোন দিচ্ছিল। কিন্তু তার মা ফোন রিসিভ না করায় দুপুরে তার মেয়ে মায়ের বাসায় আসে। তখন দরজা বন্ধ অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এবং কিভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।