প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২২, ৩:৪৪ পি.এম
বাসচাপায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্যের মৃত্যু

রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ এলাকায় দ্রুতগতির একটি বাস চাপায় মোঃ সাহেব আলী (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী সেনা সদস্য নিহত হয়েছে।
শনিবার (৪ মে) সকাল পৌনে ১১টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে এ ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্য মোঃ সাহেব আলী মাগুরা মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ইউপির পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে।
নিহত সেনা সদস্য লাল রঙের ১১০ সিসির ডিসকভার মোটরসাইকেল (মাগুরা হ-১২-৪৯২৯) চালিয়ে বাড়ি থেকে সাভার সেনানীবাসের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাকে চাপা দিয়ে যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের গাড়ি চালক মুরাদ খান জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের এর মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সকলে বের হয়ে দেখি একজন লোক রক্তত্ব জখম অবস্থায় সড়কে পড়ে আছে। তার বাম পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে গেছে। দুর্ঘটনার স্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটি টেনে হিঁচরে নিয়ে গেছে। এতে তার মাথায় থাকা হেলমেট সহ গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে আমরা থানায় নিয়ে যাচ্ছি। ঘাতক বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এছাড়া লাশটি উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.