প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২২, ৩:০৬ পি.এম
পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে ফজল শেখ (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় সহকারি পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার শাহা।
নিহত ফজল শেখ কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মৃত চৌধুরী শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে বাহাদুরপুর ইউপির মেঘনা গ্রামের শামছুলের বাড়িতে ইজিবাইকের ব্যাটারী চুরি করে পালাচ্ছিলো। এমন সময় স্থানীয়রা তাকে আটক করে গনপিটুনী দেয়। খবর পেয়ে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে পাংশার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সহকারি পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার শাহা বলেন, মঙ্গলবার সকালে পুলিশ জানতে পারে মেঘনা গ্রামে চোর সন্দেহে একজন গনপিটুনিতে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পুলিশ নিশ্চিত না যে এটা গন পিটুনিতে হত্যা, না অন্য কোন কারণ আছে। এবিষয়ে তদন্ত চলছে। সেই সাথে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শামসুলের স্ত্রী তাসলিমাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.