নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ী ও সাদিয়া জুয়েলার্সের মালিক আবুল কালাম আজাদকে নৃশংসভাবে হত্যা এবং দোকানের মালামাল লুটের অভিযোগে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বর্ণ শিল্প ব্যবসায়ীরা।
গত ২৪ আগস্ট ২০২৬, সোমবার রাতে গাজীপুরের সাইনবোর্ড এলাকার ভুষির মিল সংলগ্ন সাদিয়া জুয়েলার্সের মালিক আবুল কালাম আজাদকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর দোকানে থাকা বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। এ নৃশংস ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীসহ স্থানীয়দের মধ্যে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে টঙ্গী পশ্চিম থানা স্বর্ণ শিল্প ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে গাজীপুরা–ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বর্ণ শিল্প ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নেতা সোহরাব হোসেন রনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল, উপদেষ্টা ইলিয়াস মিয়াসহ সমিতির নেতৃবৃন্দ, স্বর্ণ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করে মালামাল লুটের অভিযোগ অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, অপরাধীরা দ্রুত গ্রেপ্তার না হলে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তারা অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে নিহত আবুল কালাম আজাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশের স্বর্ণ ব্যবসায়ীসহ সকল ব্যবসায়ীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করা হয়।
মানববন্ধনের মূল দাবি
“আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের বিচার চাই—হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
—সংবাদটি প্রকাশের জন্য প্রেরিত—